সিপিএলে অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ, তাহিরের চোখে ‘বিশ্বমানের বোলার’ – Sarabangla

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকটা স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অভিষেক ম্যাচেই মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। মিরাজ ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা।

প্রভিডেন্সে আগে ব্যাট করে সেন্ট লুসিয়া কিংস ১১৯ রানেই অলআউট হয়ে যায়। গায়ানার হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ৪৭ বছর বয়সী ইমরান তাহির। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন অভিজ্ঞ এই লেগস্পিনার। তার সঙ্গে মিরাজের কার্যকর স্পিন আক্রমণে বড় সংগ্রহ গড়তে পারেনি সেন্ট লুসিয়া।

মিরাজ নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান। ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে জন ক্যাম্পবেলকে লং অফে ক্যাচে পরিণত করেন তিনি। এরপর তৃতীয় ওভারে আরও দুটি উইকেট তুলে নেন বাংলাদেশের এই স্পিনার। কেমল স্যাভরিকে এলবিডব্লিউ এবং চারিত আসালাঙ্কাকে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরান মিরাজ।

তবে স্যাভরির আউট নিয়ে পরে তৈরি হয় কিছুটা বিতর্ক। রিপ্লেতে দেখা যায়, বলটি স্টাম্পে আঘাত করছিল না। সেক্ষেত্রে রিভিউ নিলে বেঁচে যেতে পারতেন স্যাভরি।

১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানাকেও অবশ্য খুব একটা স্বস্তিতে থাকতে হয়নি। ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। ব্যাট হাতে মিরাজের দিনটা ভালো যায়নি। মাত্র ১ রান করে আউট হন তিনি।

সিপিএলের এবারের আসরে শেষ দিকে এসে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন মিরাজ। আফগানিস্তানের মোহাম্মদ নবীর বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে নবী সিপিএল ছেড়ে যাওয়ায় তার জায়গায় মিরাজকে নেওয়া হয়।

ম্যাচসেরার পুরস্কার অবশ্য পেয়েছেন ইমরান তাহির। পুরস্কার গ্রহণের সময় মিরাজের প্রশংসা করতে গিয়ে এই অভিজ্ঞ লেগস্পিনার বলেন, ‘আমাদের দলে নবী ছিল। খুবই উঁচুমানের বোলার নবী, সেই আমাদের সেরা বোলার ছিল। মিরাজ সেখানে এসে সত্যিই ভালো বোলিং করেছে। আমরা এমনটাই ভাবছিলাম। তাকে দলে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার! মিরাজ বিশ্বমানের বোলার, আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বে পারফর্ম করে আসছে।’

Scroll to Top