ক্যানবেরা, ২৮ মার্চ – অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল এর আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ‘বাংলা হানড্রেড লিগ’ বা বিএইচএল নামের এই ক্রিকেট টুর্নামেন্টের নিলামে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস।
তিনি এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই আয়োজনকে অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেটারদের জন্য একটি ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন। পাশাপাশি এর সঙ্গে যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন এই তারকা ক্রিকেটার। এর আগে সিডনিতে বেশ কিছু ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হলেও বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো নিলাম পদ্ধতি এবারই প্রথম দেখা গেল। টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর আতিকুর রহমান সজীব জানান বর্তমান সময়ে ক্রিকেটপ্রেমীরা ছোট ফরম্যাটের খেলার প্রতি বেশি আগ্রহী।
সেই বিষয়টি বিবেচনায় রেখেই হানড্রেড ফরম্যাটে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে যেখানে ক্রিকেটারদের বাছাই করা হয়েছে নিলামের মাধ্যমে। তিনি আরও জানান আগামী ১৯ এপ্রিল থেকে ক্যাম্বেলটাউনে প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠের খেলার পাশাপাশি দর্শকদের আকৃষ্ট করার জন্য নানা ধরনের পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
এই জমকালো আয়োজনে সিডনির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রোপার্টি ওয়ানের কর্ণধার সিকদার আলী জানান অস্ট্রেলিয়ার ব্যস্ত জীবনের মাঝেও তরুণদের ক্রিকেটের প্রতি এমন আগ্রহ এবং উদ্যোগ সত্যিই অনেক প্রশংসনীয়। এটি ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে সাহায্য করবে। সম্পূর্ণ নিলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুমায়ুন কবির রোজ। এছাড়া তাহসিন আহমেদ, আবিদা এবং গালিব ইবনে রিয়াজের উপস্থাপনায় ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল ও আসরের ক্রিকেটারদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত পরিবেশে নিলাম সম্পন্ন হয়।
এই নিলামে মোট ১৬১ জন ক্রিকেটার অংশগ্রহণ করেন যাদের মধ্য থেকে ৮০ জন বিভিন্ন দলে জায়গা করে নেন। এছাড়া ছয়জন আইকন ক্রিকেটার ছিলেন এবং ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমেও বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে নেওয়া হয়। প্রতিটি দল সর্বোচ্চ ১৩ জন করে ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পায়। নিলামে ক্রিকেটারদের বেস প্রাইস ছিল চার হাজার টাকা যা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত উঠেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল থেকেই মাঠে গড়াবে বাংলা হানড্রেড লিগের রোমাঞ্চকর এই প্রথম আসর।
এ এম/ ২৮ মার্চ ২০২৬





