সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৪ জন। আর গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৫ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ২১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ২২৫ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে।
বিভাগভিত্তিক হিসাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত রোগী ঢাকা বিভাগে। এখানে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৫৭৩ জন।





