মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দরের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগে জানা গিয়েছিল, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজটি হবে বিসিবির এইচপি দলের বিপক্ষে। আর ওয়ানডে সিরিজটি হবে বিসিবির অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। দুই ম্যাচের টি-টোয়েন্টি দলের সিরিজের জন্য আজ এইচপি দল ঘোষণা করল বিসিবি।
দলে ডাকা হয়েছে অনেকদিন জাতীয় দলে খেলা হার্ডহিটার সাব্বির রহমানকে। সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন এস এম মেহবর হোসেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি। আগামী ৮ ও ১০ আগস্ট মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা থেকে।
বাংলাদেশ হাই পারফরম্যান্স টি-টোয়েন্টি স্কোয়াড:
জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহেরব হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, মো. শাদহিন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।





