সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেল দুদক – DesheBideshe



আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঢাকা, ২ সেপ্টেম্বর – যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

অভিযোগ অনুসন্ধানের লক্ষ্যে দুদকের একজন উপ পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এই অনুসন্ধানের আওতায় রয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপ সচিব মাসুম আহমেদ।

দুদক কর্মকর্তা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কর্মকর্তাদের পছন্দের স্থানে পদায়ন, বদলি ও নিয়োগ বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

অনুসন্ধানের তথ্য অনুযায়ী, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল এবং নতুন করে পদায়ন বাবদ প্রায় ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির ক্ষেত্রে দেড় কোটি টাকা এবং পদোন্নতিপ্রাপ্তদের পছন্দের কর্মস্থলে পদায়ন বাবদ মোট দুই কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কমিশন এই সকল অভিযোগ খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

এনএন/ ২ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top