সাকিব-মাশরাফিকে দ্রুত ফেরাতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

সাকিব-মাশরাফিকে দ্রুত ফেরাতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুজনেই আছে আড়ালে। সাকিব আল হাসান তবুও ভারতের মাটিতে দলের হয়ে টেস্ট খেলতে নেমেছিলেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দেখা যায়নি কোথাও। তবে নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নিয়েই বললেন, সাকিব-মাশরাফিকে দ্রুতই ফেরাতে চান তিনি।

ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়ার পর মাশরাফি, সাকিব দুজনেই বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাংসদ হয়েছিলেন। ২০২৪ সালের ৫ অগাস্টে পটপরিবর্তনের পর দুজনেই আছেন ক্রিকেটর বাইরে। বিভিন্ন মামলাও হয়েছে দুজনের বিরুদ্ধেই। মাশরাফি দেশে থাকলেও সাকিব সেই সময় থেকেই আছেন দেশের বাইরে।

সংসদ ভবন চত্বরে মঙ্গলবার শপথ নেওয়ার পর আমিনুল সংবাদ সম্মেলনে মাশরাফি ও সাবিককে নিয়ে কথা বলেন, ‘সাকিব আর মাশরাফির বিষয়টি… এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যে, রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে… যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে, সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যেন আমাদের বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে।’

গুঞ্জন উঠেছে, এই মাসের শেষভাগে দেশে ফিরবে সাকিব। আগামী মার্চে হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরবেন তিনি। শেষ পর্যন্ত কি তাহলে নতুনভাবেই ক্রিকেটে ফিরছেন সাকিব?

Scroll to Top