সাইফের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল, আছেন সাব্বির-আফিফ-সাইফউদ্দিন – Sarabangla

সাইফের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল, আছেন সাব্বির-আফিফ-সাইফউদ্দিন – Sarabangla

কাতারে অনুষ্ঠেয় রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাইফ হাসানের নেতৃত্বাধীন এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আছেন আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও পারভেজ হোসেন ইমনের মতো জাতীয় দলে খেলা পরিচিত মুখও।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে আটজনের। তাঁদের মধ্যে টেস্ট খেলেছেন চারজন—অধিনায়ক সাইফ হাসান, শাহাদাত হোসেন, ইয়াসির আলী ও সাব্বির রহমান।

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলা বাকি চারজন হলেন— পারভেজ হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টুর্নামেন্টে ভালো করার লক্ষ্য থাকবে বাংলাদেশ ‘এ’ দলের।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের অভিযান শুরু হবে ১৯ নভেম্বর হংকং জাতীয় দলের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে সাইফের দল।

গ্রুপ পর্ব পেরোতে পারলে ২৬ অথবা ২৭ নভেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল ২৯ নভেম্বর।

রাইজিং স্টার্স এশিয়া কাপের বাংলাদেশ ‘এ’ দল: সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Scroll to Top