ঢাকা, ২৮ জানুয়ারি – দেশের মানুষ সুযোগ পেলে এই সরকারকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, সরকার ৭ জানুয়ারি নির্বাচন করে অভিশাপ ডেকে এনেছে। এই অভিশাপ থেকে বের হতে অনেক খড়কুটো পোড়াতে হবে এ দেশের মানুষকে।
রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নাগরিক সমাজের ভাবনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ (বিপিআরসি)।
সভায় মঈন খান বলেন, বিদেশি রাষ্ট্রদের বাংলাদশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সচ্ছিদার কোন অভাব নেই। আজকের নতুন যে রূপের ধারা, এই ধারার মাধ্যমে সরকারকে চলে যেতে হবে। দেশের মানুষ বুঝতে পেরেই ৭ জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এমনি আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট দিতে যায়নি।
তিনি বলেন, দেশের মানুষ যদি একটু সুযোগ পায়, এই ঢাকায় ১০ , ২০ লাখ মানুষের উপস্থিতি দেখা যাবে। সেদিন এই সরকারকে লাল কার্ড দেখাবে দেশের মানুষ।
বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড দিলারা চৌধুরী বলেন, বাংলাদশের যে সংকট এটি কিন্তু নজিরবিহীন। এটির চিন্তা করলে আমি হয়রান হয়ে যাই। এই সংকট থেকে আমরা উঠবো কী করে।
বর্তমান শিক্ষা কারিকুলামের সমালোচনা করে তিনি বলেন, আমাদের ইতিহাসকে ভুলে দিতে চায় কেউ। এ দেশের শিক্ষা ক্ষেত্রে বিদেশি ভর এসেছে, আপনাদের চিন্তার কোন প্রতিফলন হয় না। এটাই বাস্তবতা।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএফইউজের একাংশের মহাসচিব ও পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান প্রমুখ।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ জানুয়ারি ২০২৪





