বিশ্বের বিভিন্ন সাগর ও মহাসাগরে লাখ লাখ টন প্লাস্টিক বর্জ্য ভেসে বেড়াচ্ছে। দীর্ঘদিন ধরে এসব বর্জ্য বিভিন্ন উপায়ে পরিষ্কারের চেষ্টা করা হলেও সুফল মিলছে কম। অনেক বিজ্ঞানীর মতে, এসব বর্জ্য ও ময়লা পরিষ্কারের আগে আমাদের দুবার চিন্তা করা উচিত। সমুদ্রের আবর্জনা পরিষ্কারের যত পদ্ধতি রয়েছে, সেগুলোর মধ্যে যান্ত্রিক পদ্ধতি দুশ্চিন্তা তৈরি করছে বিজ্ঞানীদের মধ্যে।
যুক্তরাজ্যের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক রিচার্ড থম্পসনের মতে, সমুদ্রে প্লাস্টিক বর্জ্যের প্রবাহ কমাতে মনোযোগ দিতে হবে। এ জন্য পরিষ্কারের চেয়ে প্লাস্টিক বর্জ্য যেন সমুদ্রে না ফেলা হয়, সে চেষ্টা করতে হবে। প্লাস্টিক বর্জ্যের নানা ধ্বংসাবশেষ অনেক দ্রুত সমুদ্রে প্রবেশ করছে। পরিচ্ছন্নতার ওপর নজর দিলে প্রকৃত অগ্রাধিকার থেকে মনোযোগ সরে যেতে পারে। এ বিষয়ে জার্মানির আলফ্রেড ওয়েজেনার ইনস্টিটিউটের সামুদ্রিক পরিবেশবিদ ও বিজ্ঞানী মেলানি বার্গম্যান বলেন, বাথটাব ভরে পানি নিচে পড়লে তা পরিষ্কারের আগে কল বন্ধ করতে হয়। ঠিক একইভাবে সমুদ্রে যেন বর্জ্য না যায়, সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে। মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া যাবে না।


