মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ফারামার্জ আল নূর প্রথম আলোকে বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তবে এবার নির্বাচনে দলীয় মনোনয়ন থাকবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। কাজেই মনোনয়ন না পেলে কী হবে, সেটি এখনো বলা যাচ্ছে না। তবে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে আশা করি।’
গতকাল নগরের ছোটবাজার, বড়বাজার, স্টেশন রোড, আর কে মিশন রোড ও চরকালীবাড়ি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তফসিল ঘোষণার পর থেকেই নগরের বিভিন্ন এলাকায় মানুষের আড্ডায় নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়। এসব আলোচনায় উঠে আসছে বিএনপি বা জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি না। এ দুই দল না এলে আওয়ামী লীগ থেকেই হয়তো এক বা একাধিক স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।
নগরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াদুল আহসান বলেন, নগরের উন্নয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়া জরুরি। ময়মনসিংহ সিটি করপোরেশন হওয়ার পর থেকে এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। মানুষ চায় উন্নয়ন এবং সব ধরনের নাগরিক সুবিধাপূর্ণ নগর। এ জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়া উচিত।


