সংক্ষিপ্ততম টেস্টের জন্য টি-২০কে দায়ী করলেন এবি

সংক্ষিপ্ততম টেস্টের জন্য টি-২০কে দায়ী করলেন এবি

স্পোর্টস ডেস্ক

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে হয়েছে অভাবনীয় এক ইতিহাস। কেপটাউনে মাত্র দেড় দিনেই শেষ হয়েছে ম্যাচ। মাত্র ৬৪২ বল স্থায়ী হওয়া এই ম্যাচ ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স বলছেন, টি-টোয়েন্টির আধিপত্যের কারণেই এত কম সময়ে শেষ হয়েছে কেপটাউন টেস্ট।

আরও পড়ুন- ইতিহাসের সংক্ষিপ্ততম ১০ টেস্ট 

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। সিরিজে তৃতীয় টেস্ট কেনও রাখা হয়নি সেটা নিয়েই আক্ষেপ এবির, ‘সিরিজে তৃতীয় টেস্ট নেই, এই ব্যাপারটায় আমি একদমই খুশি না। এটার জন্য বিশ্বজুড়ে চলা টি-টোয়েন্টি ক্রিকেটকেই দায়ী করতে হবে। কাকে দোষ দেবো আমি জানিনা, কিন্তু কিছুটা একটা ভুল হচ্ছে। যদি আপনি চান সব দল টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করুক আর সেরা দল বের হয়ে আসুক, তাহলে আমাদের পরিবর্তন আনতে হবে।’

আরও পড়ুন- ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টে ভারতের জয়

সাম্প্রতিক সময়ে ঘরোয়া টি-টোয়েন্টি লীগ আয়োজন নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড সফরের সাথে সাংঘর্ষিক হওয়ায় দলের নিয়মিত ক্রিকেটাররা এই সফরে যাচ্ছেন না। একদমই অচেনা এক স্কোয়াড পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ১৪ জনের মাঝে ৭ জনেরই হয়নি টেস্ট অভিষেক, বাকিরাও খেলেছেন অল্প কিছু টেস্ট। দলের এমন সিদ্ধান্তে যারপরনাই অবাক এবি, ‘দক্ষিণ আফ্রিকার এমন সিদ্ধান্ত পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করেছে। এটাই প্রমাণিত হয় যে টেস্ট ক্রিকেট চাপের মুখে আছে। টেস্ট, ওয়ানডে দুই ফরম্যাটই টি-টোয়েন্টির পেছনে পড়ে যাচ্ছে। বোর্ড, ক্রিকেটার, কোচ সবাই টাকার পিছে ছুটছে। যদিও নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করায় আপনি তাদের দোষারোপও করতে পারবেন না।’

কেপটাউন টেস্টের পিচ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ম্যাচের পর থেকেই। এবি বলছেন, খুব একটা কঠিন ছিল না এই পিচ, ‘আমার মনে হয় এটা খুবই সাধারণ মানের পিচ ছিল। যদি আপনি প্রথম সেশনটা পার করতে পারেন তাহলে রান পাওয়া সহজ।কিন্তু দুই দলের ব্যাটাররা কেউ এটি করতে পারেননি। এখানে স্টোকস ডাবল সেঞ্চুরিও পেয়েছিল। আমিও এখানে কয়েকটি সেঞ্চুরি করেছি। বুমরাহ, সিরাজ, রাবাদাদের মতো বোলারদের আপনি টানা স্ট্যাম্প বরাবর বল করতে দিলে বিপদ আসবেই।’

সারাবাংলা/এফএম

Scroll to Top