শোয়েব মালিকের চতুর্থ বিয়ের গুঞ্জন, পাত্রী অভিনেত্রী ভানিজা সাত্তার – DesheBideshe

শোয়েব মালিকের চতুর্থ বিয়ের গুঞ্জন, পাত্রী অভিনেত্রী ভানিজা সাত্তার – DesheBideshe

ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি – পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়েছে যে তিনি চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী ৪৪ বছর বয়সী এই তারকা ক্রিকেটার আজ ২৭ ফেব্রুয়ারি বিয়ে করতে পারেন। পাত্রী হিসেবে নাম শোনা যাচ্ছে পাকিস্তানি অভিনেত্রী ভানিজা সাত্তারের।

অবশ্য এই গুঞ্জনের বিষয়ে শোয়েব মালিক বা ভানিজা সাত্তার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। কোনো পক্ষ থেকে সত্যতা নিশ্চিত না করায় বিষয়টিকে এখনো কেবল গুঞ্জন হিসেবেই দেখছে গণমাধ্যমগুলো। এর আগে ২০০২ সালে শোয়েব মালিক ভারতের হায়দরাবাদের আয়েশা সিদ্দিকীকে প্রথম বিয়ে করেন এবং ২০১০ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন এবং ২০১৮ সালে তাঁদের ঘর আলো করে আসে পুত্র ইজহান।

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পরপরই ২০২৪ সালের ২০ জানুয়ারি শোয়েব তৃতীয়বারের মতো বিয়ে করেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে। সানা জাভেদের সঙ্গে তাঁর বিচ্ছেদ বা কোনো পারিবারিক কলহের খবর প্রকাশ্যে না এলেও নতুন বিয়ের গুঞ্জন ডালপালা মেলছে। আলোচনায় থাকা ভানিজা সাত্তার একজন নবীন টেলিভিশন অভিনেত্রী যিনি লাডলি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন এবং তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top