শেষ সেশনের স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ – Sarabangla

শেষ সেশনের স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ – Sarabangla

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বোলিং ইনিংসে বাংলাদেশের হতাশা কেবল বাড়ছিলই। আজ দ্বিতীয় দিনের শেষ সেশনে অবশ্য খানিক স্বস্তি মিলেছে সফরকারীদের। সেশন সেশনে তিন উইকেট এনে দিয়েছেন হাসান মাহমুদ আর পার্টটাইমার মুমিনুল হক সৌরভ। ইনিংসের শুরুতে হাসান তুলে নিয়েছিলেন এইডেন মার্করামকেও। সব মিলিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ২৮৭।

বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছিল ঠিক ৪০০ রানে। অর্থাৎ নাজমুল হোসেন শান্তর দল এখনো ১১৩ রানে এগিয়ে। অবশ্য অপর দিকে দক্ষিণ আফ্রিকার হাতে এখনো ৬ উইকেট।

সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে স্বস্তি নিয়েই বোলিং ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। আগের ব্যাটিং করে চারশ রান তোলে সফরকারীরা, এই মাঠে এতো বেশি রান তুলে অতীতে হারেনি কোনো দল। টাইগারদের বোলিং ইনিংসের সূচনাটাও হয়েছিল দাপুটে। দুর্দান্ত ফর্মে থাকা হাসান মাহমুদের হাত ধরেই।

ইনিংসের দ্বিতীয় ওভারেই এইডেন মার্করামকে ফেরান হাসান। ওভারের তৃতীয় বলটা গুড লংথে ফেলে অফ স্পাম্পের বাহিরে রেখেছিলেন বাংলাদেশি পেসার। ঠিকভাবে খেলতে পারেননি মার্করাম। প্রোটিয়া ওপেনারের গ্লাভস ছুয়ে বল চলে যায় লিটন দাসের গ্লাভসে, আউট।

পঞ্চম ওভারে আরেকটা উইকেট পেতে পারতেন হাসান। জোবায়ের হামজার বিরুদ্ধে এলবিডব্লিউয়ের জোড়ালো আবেদন করেছিলেন। পরে রিপ্লেতে দেখা যায় লাইনেই ছিল হাসানের ডেলিভারি। কিন্তু নো বল হওয়ায় উইকেট পায়নি বাংলাদেশ।

এরপর সাবধানে এগিয়েছেন হামজা। অপরপ্রান্তে ওপেনার মার্কাস অ্যাকারম্যান রান তুলছিলেন স্বভাবত আক্রমণাত্মক ঢংয়ে। ১৬তম ওভারে মাথায় বলের আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন হাসান। তাতে বাংলাদেশের বোলিং আক্রমণ তুলনামূলক আলগা হয়ে পড়ে। হাসান অবশ্য কয়েক ওভার পর মাঠে ফেরেন। তবে ততোক্ষণে উইকেটে সেট হামজা আর অ্যাকারম্যান। বল কিছুটা পুরনো হয়ে যাওয়ার পর ধারও কমে। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত রান তুলে গেছেন দুই সেট ব্যাটার।

দুজনের বিপক্ষে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দিন শেষে মিরাজের বোলিং পরসংখ্যান ১৬ ওভার বোলিং করে খরচ করেছেন ১০১ রান! মানে ওভারপ্রতি দিয়েছেন ৬.৩১ রান! তাসকিন-হাসান ভালো বোলিং করলেও অপর পেসার ইবাদত হোসেনও সুবিধা করতে পারেননি। তাকে দিয়ে আজ মাত্র ৭ ওভার বোলিং করেছেন ইবাদত। তাতে ওভারপ্রতি ৫.১৪ রান খরচ করেছেন। ইবাদতের চেয়ে বেশি বেলিং করেছেন পার্টটাইম বোলার মুমিনুল হকই! এই মুমিনুলেই দুইশোর্ধ্ব রানের জুটিটা ভেঙেছে।

চার বোলারের কেউই যখন জুটি ভাঙতে পারছিলেন না তখন মুমিনুলের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারেই ২০২ রানের জুটি ভাঙেন মুমিনুল। ফেরান ১২৯ বল খেলে ১২টি চারে ৮৩ রান করা জুবায়ের হামজাকে।

তবে অপরপ্রান্তে অ্যাকারম্যান অবিচলই ছিলেন। তিন অঙ্ক ছোয়ার পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকে নিয়ে গেছেন দেড়শর ওপারে। সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে চেয়েছেন অ্যাকারম্যান। শেষ পর্যন্ত হাসান মাহমুদ ফিরিয়েছেন প্রোটিয়া ওপেনারকে। হাসানকে হুক করতে গিয়ে তাসকিনের হাতে ক্যাচ দিয়েছেন অ্যাকারম্যান। অনেকটা ওয়ানডে মেজাজে রান তুলে ফিরেছেন ১৬৪ বলে ১৫৭ রান করে। ২১টি চার আর ১টি ছক্কায় ইনিংস সাজিয়েছেন প্রোটিয়া ওপেনার।

শেষ বিকেলে আরও এক উইকেট এনে দিয়েছেন হাসান। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ম্যাথু ব্রিটজ। আম্পায়ার প্রথমে আউট দেননি। বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায় ব্যাট ছুঁয়ে উইকেটকরক্ষকের গ্লাফসে গেছে বল। ১৭ বলে ২ রান করে হাসানের শিকার ব্রিটজ।

দিন শেষে অধিনায়ক টেম্বা বাফুমা ১৯ রানে অপরাজিত। তার সঙ্গে রায়ান রিকেলটন অপরাজিত ৭ রানে। হাসান দ্বিতীয় দিনে ১৬ ওভার বোলিং করে ৬২ রান খরচায় তুলে নিয়েছেন ৩ উইকেট।

Scroll to Top