প্রতিবছর নতুন বছরের শুরুতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠলেও এবার দেশের সরকার প্রধান নির্বাচনকে কেন্দ্র করে পেছানো হয়েছে সেই সময়। কয়েক দফা সময় পরিবর্তন শেষে এবার শীঘ্রই পর্দা উঠতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এই মেলার আয়োজক কর্তৃপক্ষের তথ্য মতে, আগামী ২০ অথবা ২১ তারিখেই উদ্বোধন হতে চলেছে মেলাটি।
সেই সঙ্গে এবারের মেলায় প্রধান আকর্ষণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া দেশের বিভিন্ন উন্নয়নের আদলে বিভিন্ন স্থাপনার নকশা করা হচ্ছে বলেও জানা গেছে।
রোববার (১৪ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব (উপসচিব) বিবেক সরকার বার্তা ২৪. কমকে এ তথ্য নিশ্চিত করেন।
বিবেক সরকার বার্তা২৪.কমকে বলেন, বাণিজ্য মেলা শুরুটা মূলত নির্ভর করছে সরকার প্রধানের উপরে। আমরা প্রাথমিকভাবে জানুয়ারির ১৫ তারিখে শুরু করতে পারবো বলে আশা করেছিলাম।
আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। প্রতিমন্ত্রী মন্ত্রনালয়ের দ্বায়িত্ব নিয়েছেন। এখন আমরা দুই এক দিনের মধ্যে সময়টা নির্ধারণ করতে পারবো। এখন পর্যন্ত আমরা সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ২০ জানুয়ারি অথবা ২১ জানুয়ারি মেলার উদ্বোধন করার জন্য আমরা পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছি।
তিনি বলেন, মেলার মাঠে তোরজোড়ের মাধ্যমে সব ধরনের প্রস্তুতির কাজ চলছে। প্রধান ফটকের (গেটে) পাশে বঙ্গবন্ধুর নির্মাণ কাজ চলছে। সরকার প্রধানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের আদলে প্রধান গেটের কাজও চলছে।
দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়ে আসছে। আগে বছরগুলোতে রাজধানীর আগারগাঁও অভ্যন্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন খোলা মাঠে এই মেলার আয়োজন হয়ে থাকলেও রাজধানীর যানজটসহ বিভিন্ন সমস্যা বিবেচনায় বিগত দুই বছর মেলাটি ৩০০ফিট সংলগ্ন পূর্বাচলে আয়োজন করা হয়।
গেল বছর পূর্বাচলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৭তম আসর। বিভিন্ন ক্যাটগরিতে মোট ৩৩১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্টের অংশগ্রহণে আয়োজন হয়েছিলো মেলাটি যা ২০২২ সালের তুলনায় ৪০ শতাংশ বেশি।
সেই বছর মেলার ২৭তম আসরে ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল বলে মেলা শেষে জানিয়েছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।
এএইচএম আহসান বলেছিলেন, ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এক মাসে প্রায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। এছাড়া প্রায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। গত বছরের (২০২২ সালের) তুলনায় এবারের বাণিজ্য মেলায় বিক্রি ও রপ্তানি আদেশ উভয়ই বেড়েছে। এর মধ্যে বিক্রি বেড়েছে ২০ কোটি টাকার এবং রপ্তানি আদেশ বেড়েছে ১০০ কোটি টাকা। গত বছর ২৬তম মেলায় বিক্রি হয়েছিল ৮০ কোটি টাকা এবং ২০০ কোটি টাকার ক্রয়াদেশ পাওয়া যায়।



