হামলার পর লেবাননের শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, বৈরুত শহরের কেন্দ্রস্থলে সালেহ আল-আরোউরি এবং তাঁর সঙ্গীদের হত্যার অপরাধকে লেবানন এবং এর জনগণ নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং প্রতিরোধের বিরুদ্ধে একটি বিপজ্জনক আগ্রাসন বলে মনে করে। এই অপরাধের জন্য ‘প্রতিক্রিয়া ও সাজার’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ হামাস উপপ্রধান সালেহ আল-আরোউরি হত্যার নিন্দা জানিয়েছেন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘পরিচিত অপরাধীদের দ্বারা সংঘটিত অপরাধ’ বলে অভিহিত করেছেন।
ইসরায়েলের সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য তাঁর দেশের বাহিনীগুলো প্রস্তুত রয়েছে।



