
ইসলামাবাদ, ২৯ আগস্ট – লর্ডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করেছে ইংল্যান্ড। অলি রবিনসন ও জফ্রা আর্চারের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে গুটিয়ে যাওয়ায় ইংল্যান্ড ১৮০ রানের লিড পেয়েছে। দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৩ উইকেটে ৮১ রান করেছে স্বাগতিকরা। ফলে হাতে ৭ উইকেট নিয়ে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২৬১ রান। দ্বিতীয় দিনে মোট ১৩টি উইকেটের পতন ঘটে।
এর মধ্যে রবিনসন ও আর্চার একাই নিয়েছেন ৭টি উইকেট। পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে শুরু থেকেই চাপে রাখেন ইংল্যান্ডের পেসাররা। নিখুঁত লাইন লেংথ ও সিম মুভমেন্টে রবিনসন ছিলেন সবচেয়ে ভয়ংকর। ১৩ ওভারে ছয়টি মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে তিনি ৪টি উইকেট শিকার করেন। অন্য প্রান্তে গতি ও বাউন্সে পাকিস্তানি ব্যাটারদের নাজেহাল করেন আর্চার।
নিয়মিত ঘণ্টায় ১৪৮ কিলোমিটারের কাছাকাছি গতিতে বল করা এই পেসার সর্বোচ্চ ১৫১ কিলোমিটার গতিও তুলেছেন। ১১.২ ওভারে ২৬ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার আজান আওয়াইস। রবিনসনের বাউন্সারে তার প্রতিরোধ ভেঙে যাওয়ার পর মাত্র ৬ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় পাকিস্তান।
দিনের শুরুতে ৯ উইকেটে ২৪৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শেষ উইকেট জুটিতে গাস অ্যাটকিনসন ও জশ টাং গুরুত্বপূর্ণ ৪২ রান যোগ করেন। অ্যাটকিনসন ৪৫ রান করে আউট হলেও টাং ৩০ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ২৯০ রানে। পাকিস্তানের পক্ষে মোহাম্মাদ আব্বাস ৪টি এবং আলি উসমান ৩টি উইকেট নেন।
১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামা ইংল্যান্ড শুরুতেই বেন ডাকেট ও জর্ডান কক্সের উইকেট হারায়। ১৩ রানে ২ উইকেট হারানোর পর জো রুট ও এমিলিও গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ২৪ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন রুট। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়। ইংল্যান্ডের গে ৩০ এবং হ্যারি ব্রুক ৭ রানে অপরাজিত আছেন।
এস এম/ ২৯ আগস্ট ২০২৬


