লঙ্কান প্রিমিয়ার লিগে একই দলে সাকিব-তাসকিন

লঙ্কান প্রিমিয়ার লিগে একই দলে সাকিব-তাসকিন

দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়ক আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন জাফনা কিংসের হয়ে। একই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও।

লঙ্কান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই বাংলাদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে।

সাকিবকে নিয়ে দেওয়া পোস্টে তারা লিখেছে, “কিংসে যোগ দিয়েছেন বিশ্বখ্যাত টি-টোয়েন্টি তারকা সাকিব আল হাসান। দলে যখন আস্থা দরকার, যখন রান দরকার কিংবা ব্রেকথ্রু প্রয়োজন—তিনি তখন থাকেন অবিচল। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারকে যুক্ত করে নিজেদের শক্তি আরও বাড়ালো জাফনা।”

অন্যদিকে তাসকিনকে নিয়ে আলাদা পোস্টে জাফনা লিখেছে, “জাফনার পেস আক্রমণে যুক্ত হলো আগুন ঝরানো গতি।”

রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব অনেকদিন যাবত কোনো স্বীকৃত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তবে এই সময়েও নিজের ফিটনেস ধরে রাখতে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এর আগে ২০২৩ সালেও এলপিএলে অংশ নিয়েছিলেন তিনি। ফলে এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় লঙ্কান প্রিমিয়ার লিগ অভিযান।

অন্যদিকে, তাসকিন আহমেদ ২০২৪ মৌসুমে খেলেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। এবার নতুন ঠিকানা হিসেবে যোগ দিচ্ছেন জাফনা কিংসে।

লঙ্কান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল দল জাফনা কিংস। পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে দলটি। এবারও শক্তিশালী স্কোয়াড গড়তে বেশ সক্রিয় তারা। সাকিব ও তাসকিন ছাড়াও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ভানুকা রাজাপাকসা এবং দুনিথ ওয়েলালাগেকে।

আসন্ন এলপিএল শুরু হবে আগামী ১৭ জুলাই এবং ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৮ আগস্ট। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের আসর বাড়তি আকর্ষণ পাচ্ছে সাকিব-তাসকিনের একই দলে খেলার কারণে।

Scroll to Top