র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বিশাল লাফ

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বিশাল লাফ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হাতেনাতেই পেলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৩ ধাপ এগিয়েছেন নাহিদ। তাতে ক্যারিয়ারের সেরা অবস্থান ২৪ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ ক্রিকেটের নতুন তারকা।

গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগুনঝরা বোলিং করেন নাহিদ। নিজের ১০ ওভারের স্পেলে মাত্র ৪১ রান খরচায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রাখেন এই গতিতারকা। অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে গতি, বাউন্স এবং ধারাবাহিক নিয়ন্ত্রণে মুগ্ধ করেন ২২ গজে।

এই পারফরম্যান্সের পর প্রকাশিত আইসিসির নতুন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে নাহিদের। আগে ৪৭ নম্বরে থাকা এই ডানহাতি পেসার এখন ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ২৪ নম্বরে।

তবে বাংলাদেশের বোলারদের মধ্যে এখনও শীর্ষ অবস্থান ধরে রেখেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বরে রয়েছেন।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছেন তাওহিদ হৃদয়। তবে সর্বশেষ হালনাগাদে এক ধাপ পিছিয়ে গেছেন তিনি। আগে ২৬ নম্বরে থাকলেও বর্তমানে তাঁর অবস্থান ২৭ নম্বরে।

এদিকে দলীয় র‍্যাঙ্কিংয়ে ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। আগামী বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে সেরা দশে।

Scroll to Top