গত ফেব্রুয়ারিতে ৩৯তম জন্মদিন উদ্যাপন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর বয়সী অনেকেই ফুটবল ছেড়ে অবসর জীবন কাটাচ্ছেন, তবে রোনালদোর তো আর অন্যদের মতো নন। বয়স তাঁর বাধা হয়ে দাঁড়াতে পারছে না। এখনো আগের মতোই জয় এবং গোল–ক্ষুধা নিয়ে মাঠে নামেন এই পর্তুগিজ মহাতারকা। পরিসংখ্যানও বলছে, রোনালদোর এখনো ফুরিয়ে যাননি। ৫৪ গোল করে শীর্ষ পর্যায়ের ফুটবলে ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই আল নাসর তারকাই।
সৌদি প্রো লিগেও চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রোনালদো। প্রো লিগে ২৩ গোল করার পাশাপাশি সব মিলিয়ে করেছেন ৩০ গোল। তবে এমন দুর্দান্ত ছন্দে থাকার পরও রোনালদো তাঁর সেরা সময় পেছনে ফেলে এসেছেন বলে মন্তব্য করছেন তাঁরই জাতীয় দল সতীর্থ জোয়াও কানসেলো। পাশাপাশি পর্তুগাল দল এখন আর রোনালদোনির্ভর নয় বলেও মন্তব্য করেছেন এই ফুলব্যাক।





