রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করলেন ভিনিসিয়ুস – DesheBideshe

রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করলেন ভিনিসিয়ুস – DesheBideshe


রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করলেন ভিনিসিয়ুস – DesheBideshe

ব্রাসিলিয়া, ৭ আগস্ট – ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র সব জল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ক্লাবটির সঙ্গে হওয়া নতুন এই চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের হয়েই মাঠ মাতাবেন তিনি।

গত বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। এই চুক্তির ফলে আগামী ছয় বছর সান্তিয়াগো বার্নাব্যুতেই অবস্থান করবেন ২৬ বছর বয়সী এই তারকা ফুটবলার। ভিনিসিয়ুসের আগের চুক্তির মেয়াদ শেষ হতে মাত্র এক বছর বাকি ছিল।

সেই সময় তাকে দলে ভেড়াতে ইংলিশ ক্লাব আর্সেনাল যথেষ্ট আগ্রহ দেখিয়েছিল। তবে শুরু থেকেই এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদে থাকার ব্যাপারে অনড় ছিলেন। প্রায় ১৮ মাস ধরে ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিদের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের আলোচনা চলার পর অবশেষে দুই পক্ষ এই সমঝোতায় পৌঁছায়।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তিনি বর্তমান দলের অন্যতম অপরিহার্য অংশে পরিণত হয়েছেন। এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে সব মিলিয়ে ৩৭৫টি ম্যাচ খেলেছেন তিনি এবং গোল করেছেন ১২৮টি। ক্লাবের হয়ে তিনি জিতেছেন দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা এবং একটি কোপা দেল রে শিরোপা।

এস এম/ ৭ আগস্ট ২০২৬



Scroll to Top