আগের রাতেই তাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১ এ নামিয়ে এনেছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা অবশ্য ৪ পয়েন্টের লিড ফিরে পেল ২৪ ঘণ্টার মধ্যেই। রাফিনহার দুর্দান্ত এক হ্যাটট্রিকে সেভিয়াকে ৫-২ গোলে বিধ্বস্ত করে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল।
ক্যাম্প ন্যুতে পুরো ম্যাচেই ছিল বার্সার দাপট। ৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রাফিনহা। ২১ মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সা। সেখান থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। ৩৮ মিনিটে দানি অলমোর গোলে তিন গোলের লিড নেয় বার্সা।
হাফ টাইমের আগে একটি গোল শোধ করে সেভিয়া। বিরতির ঠিক আগে গোল করেন সেভিয়ার ওসো। ৩-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
৫১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনহা। ৬০ মিনিটে বার্সার ৫ম গোল আসে হুয়ান ক্যান্সেলোর পা থেকে।
শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে সান্ত্বনার আরেকটি গোল পায় সেভিয়া। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ২৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রিয়াল।



