
কলকাতা, ৫ মে – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একটি তথ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ জয়ী হওয়ার পর তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছেন তিনি।
মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন অভিনেতা। সেখানে তিনি লিখেছেন যে তিনি দীর্ঘ বহু বছর ধরে সম্মানের সঙ্গে অভিনয় করছেন এবং ভবিষ্যতেও একইভাবে কাজ করে যেতে চান। তিনি দর্শকদের কাছে বিনীত অনুরোধ করেছেন যেন তার ওপর কোনো রাজনৈতিক পরিচয় আরোপ না করা হয়।
প্রসেনজিৎ আরও জানান যে তিনি কাউকে ফোন করেননি বরং রুদ্রনীলই তাকে ফোন করেছিলেন। একজন বড় ভাই হিসেবে কাউকে আশীর্বাদ করা তার কর্তব্য এবং তিনি কেবল সেই দায়িত্ব পালন করেছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য যে হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছেন রুদ্রনীল ঘোষ। এই ঘটনার পর প্রসেনজিৎকে জড়িয়ে রাজনৈতিক আলোচনা শুরু হলে তিনি নিজেই সব বিভ্রান্তি দূর করেন।
এস এম/ ৫ মে ২০২৬




