ফ্রিডম হাউসের সর্বশেষ প্রতিবেদনে গত ১০ বছরে স্বাধীনতার অবনতি হয়েছে, এমন দেশ ও অঞ্চলগুলোকে নিয়ে একটি তালিকা করেছে। ওই তালিকায় বাংলাদেশ, ভারত, মিয়ানমার, আফগানিস্তান, রাশিয়া, তুরস্ক ও মিসরসহ বেশ কয়েকটি দেশের নাম রয়েছে। তালিকায় থাকা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ভারতের কাশ্মীর, আজারবাইজানের নাগারনো–কারাবাখ ও হংকং।
ফ্রিডম হাউস বৈশ্বিক স্বাধীনতা মূল্যায়নের ক্ষেত্রে রাজনৈতিক অধিকার এবং নাগরিক স্বাধীনতাকে বিবেচনায় নেয়। রাজনৈতিক অধিকারের মধ্যে রয়েছে নির্বাচনী ব্যবস্থা ও স্বচ্ছতা, রাজনৈতিক বহুত্ববাদ ও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ, সরকারের কার্যকারিতা, নীতিনির্ধারণী ব্যবস্থা, ক্ষমতার ব্যবহার ও স্বচ্ছতা-সম্পর্কিত নানা বিষয়। অন্যদিকে নাগরিক স্বাধীনতার মধ্যে রয়েছে মতপ্রকাশের স্বাধীনতা ও বিশ্বাস, মানবাধিকার সংস্থাসহ সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা, আইনের শাসন ও বিচারব্যবস্থা, ব্যক্তিস্বাধীনতা।




