রাখাইন থেকে একটি সূত্র জানিয়েছে, দুই পক্ষের সংঘর্ষে বেশ কিছু রোহিঙ্গা আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কয়েকজনকে বুচিডংয়ের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আবার ওই সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে জাতিসংঘের শরণার্থী সংস্থার অ্যাম্বুলেন্সে করে মংডুর হাসপাতালে পাঠানো হয়। রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার চেষ্টা করছেন বলে অসমর্থিত একাধিক সূত্র বলছে।
রাখাইনের একটি সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে, লড়াইয়ের সময় রোহিঙ্গাদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমন তথ্য রয়েছে।
জানতে চাইলে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘রাখাইনে কয়েক দিন ধরে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষের কথা আমরা নানাভাবে জেনেছি। তবে এ বিষয়ে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।’





