রবার্তো কার্লোস কি আসলেই ইসলাম গ্রহণ করেছেন?

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এখন পর্যন্ত সাবেক এই ব্রাজিলিয়ান তারকা নিজে বিষয়টি নিশ্চিত করে কোনো বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে তার ইসলাম গ্রহণের খবরটি আপাতত দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে মুসলিম ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস। এসব প্রতিবেদনের মূল ভিত্তি হিসেবে শেখ হামাদার বক্তব্যের কথা বলা হয়েছে। তবে কার্লোসের নিজের কোনো সরাসরি মন্তব্য সেখানে পাওয়া যায়নি।

খবরটি নতুন করে আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলি শাহিনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পর। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের সাও পাওলোতে মুসলিম সম্প্রদায়ের একটি সংগঠনের বৈঠকের পর শাহিন এ বিষয়ে পোস্ট করেন। সেখানে শেখ জিহাদ হামাদার বরাত দিয়ে কার্লোসের ইসলাম গ্রহণের দাবি করা হয়।

কার্লোসের ধর্মীয় বিশ্বাস নিয়ে অতীতে দেওয়া বক্তব্যও এ প্রসঙ্গে সামনে আসছে। ২০১৩ সালে এক সাক্ষাৎকারে তিনি নিজেকে ধর্মবিশ্বাসী হিসেবে উল্লেখ করেছিলেন এবং ঈশ্বরের সঙ্গে নিয়মিত কথা বলার কথা জানিয়েছিলেন। একই সাক্ষাৎকারে তিনি ইসলাম ও খ্রিস্টধর্ম সম্পর্কে মন্তব্য করেছিলেন।

এদিকে কার্লোসের ব্যক্তিজীবন নিয়েও সাম্প্রতিক সময়ে আলোচনা চলছে। মরক্কো বংশোদ্ভূত নারী সুহাইলা এল তাহিরির সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাহিরি ফুটবল এজেন্ট হিসেবে কাজ করেন এবং খেলোয়াড়দের পেশাগত ক্যারিয়ার নিয়ে কাজের সূত্রে কার্লোসের সঙ্গে তার পরিচয় হয়।

ফুটবলে রবার্তো কার্লোস একজন কিংবদন্তি। রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ ১১ বছরের ক্যারিয়ারে তিনি তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা জিতেছেন। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপও জিতেছেন। শক্তিশালী শট, দুর্দান্ত গতি এবং অবিশ্বাস্য বাঁকানো ফ্রি-কিকের জন্য তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফটব্যাক হিসেবে বিবেচিত।

Scroll to Top