যৌন ভিডিও ছড়ানোর মামলা থেকে খালাস পেলেন রিয়াল মাদ্রিদ তারকা রাউল আসেন্সিও – DesheBideshe



রাউল আসেন্সিও

মাদ্রিদ, ৪ সেপ্টেম্বর – সম্মতি ছাড়া যৌন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেন্সিও। বৃহস্পতিবার স্পেনের গ্রান কানারিয়া দ্বীপপুঞ্জের একটি আদালত এই রায় প্রদান করেন। আদালতে ভুক্তভোগীরা আসামিদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিলে প্রসিকিউটররা আসেন্সিওর বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাহার করে নেন।

এর প্রেক্ষিতেই আদালত তাকে খালাস প্রদানের সিদ্ধান্ত নেয়। তিন বছর আগে রিয়াল মাদ্রিদের যুব দলের সাবেক তিনজন ফুটবলারের বিরুদ্ধে দুই কিশোরীর যৌন ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় জড়িত অন্য তিনজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হলেও নির্দিষ্ট শর্তে তাদের সাজা স্থগিত রাখা হয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কোনো অপরাধ না করলে তাদের কারাগারে যেতে হবে না। আসেন্সিওর বিরুদ্ধে ভিডিও ধারণের কোনো অভিযোগ ছিল না, মূলত ভিডিওটি ছড়িয়ে দেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। এদিকে মামলা থেকে মুক্তির একদিন আগে অন্য একটি ঘটনায় শাস্তির মুখে পড়েছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে তাকে ১৪ হাজার ৪০০ ইউরো জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার ওপর আট মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসেন্সিওর বিরুদ্ধে ক্লাবের অভ্যন্তরীণ তদন্ত চলছে। তবে পরিস্থিতি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দলের নিয়মিত পরিকল্পনার অংশ হিসেবেই থাকবেন।

এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top