ঢাকা, ৩০ জানুয়ারি – চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজের কাজের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত। নিয়মিত ধর্মীয় আচার-অনুশীলনও করেন তিনি। গত বছর ওমরাহ হজ পালন করতে মক্কায় গিয়েছিলেন, আর সেখান থেকে ফিরে তিনি একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি জানান, আগামীতে ছেলে-মেয়েরা বড় হলে নিজের সময় দিতে চাইবেন, তাই সিনেমা ছেড়ে দেবেন।
নিজের কথার প্রতি বিশ্বাস রেখে বর্ষাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। তবে মাঝে মাঝে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে তাকে ব্যস্ত দেখা যায়। এর পাশাপাশি অবসরে বই পড়েন, বিশেষ করে নিজের পছন্দমত ধর্মীয় বই। এবারও এমনই একটি বই নিয়েই পোস্ট দিয়েছেন বর্ষা, যেখানে লেখক তথা জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মাওলানা মিজানুর রহমান আজহারীকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন বর্ষা। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে ছিল ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার। তিনটি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বোনদের জন্য দুটি।
বর্ষা আরও লিখেছেন, জীবনে তেমন কিছুই জানি না, তবে এই ‘এক নজরে কুরআন’ পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই আপনাকে ড. মিজানুর রহমান আজহারী, বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন, আমিন।
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে দুই পুত্রসন্তান রয়েছেন, আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।
এনএন







