
যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছর দেশটিতে ৫ হাজার ৪০০ জনের বেশি মানুষের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। নতুন করে পেনসিলভানিয়া ও উইসকনসিনে আরও দুজনের মৃত্যু হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এছাড়া হাম-সংশ্লিষ্ট জটিলতায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) নতুন করে দুই অঙ্গরাজ্যে মৃত্যুর খবর প্রকাশের পর মোট প্রাণহানির এই সংখ্যা সামনে আসে। একই সঙ্গে দেশটির হাম নির্মূলের আন্তর্জাতিক স্বীকৃতি হারানোর আশঙ্কাও দেখা দিয়েছে। পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে মারা যাওয়া সর্বশেষ ব্যক্তি হাম প্রতিরোধী টিকা নেননি এবং তার শরীরে হাম শনাক্ত হয়েছিল।
চলতি বছর পেনসিলভানিয়ায় হাম-সংশ্লিষ্ট সাতজনের মৃত্যু হয়েছে। উইসকনসিনে মারা গেছেন দুজন। এছাড়া গত ২ নভেম্বর নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো হামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। দেশটিতে এ পর্যন্ত ৫ হাজার ৪০০টির বেশি নিশ্চিত হাম সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০২৫ সালে শনাক্ত হওয়া ২ হাজার ২৮৯টি সংক্রমণের তুলনায় চলতি বছরের সংখ্যা দ্বিগুণেরও বেশি।
তবে হামজনিত মৃত্যুর সংখ্যা নিয়ে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। সিডিসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সংস্থাটি এখন পর্যন্ত হামে ছয়জনের মৃত্যুর কথা নথিভুক্ত করেছে। অন্যদিকে, অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ১০।
২০০০ সালে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়া এবং নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় সেই অর্জন এখন হুমকির মুখে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেন পর্যায়ের শিশুদের মধ্যে টিকা গ্রহণের হার ছিল ৯৫ দশমিক ২ শতাংশ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশে।
সংক্রমণ নিয়ন্ত্রণে স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের স্বাস্থ্য বিভাগগুলো টিকাদান কার্যক্রম জোরদার করেছে। চলমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা না গেলে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র হাম নির্মূলের স্বীকৃতি হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোনো দেশে টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে স্থানীয়ভাবে হামের সংক্রমণ বন্ধ রাখতে পারলেই কেবল এই স্বীকৃতি বজায় রাখা সম্ভব।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





