
ওয়াশিংটন, ১৩ এপ্রিল – যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল ইরান। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের সেই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। এর ফলে আসন্ন বিশ্বকাপে ইরানকে যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজেদের ম্যাচগুলো খেলতে হবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন, ফিফা বিষয়টি স্পষ্ট করেছে যে নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই।
এর আগে ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, এখন ম্যাচ সরানো হলে বড় ধরনের লজিস্টিক জটিলতা দেখা দেবে, যে কারণে ফিফা এই পরিবর্তনে সম্মতি দেয়নি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে। পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর হলেও পুরোমাত্রায় উত্তেজনা প্রশমিত হয়নি।
এমন অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, ইরানের জন্য বিশ্বকাপে অংশগ্রহণ করা নিরাপদ নাও হতে পারে। এর প্রতিক্রিয়া জানিয়ে ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ঘোষণা দেন, পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে পা রাখবেন না। আসন্ন বিশ্বকাপে ইরান গ্রুপ জি তে খেলবে।
এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে লস অ্যাঞ্জেলেসে ১৫ ও ২১ জুন দুটি ম্যাচ এবং সিয়াটলে ২৬ জুন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি ও ড্র অনুযায়ী সব ম্যাচ যথাস্থানেই অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ইরান দলের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬






