যশোরের এসপির বদলি চেয়ে স্বতন্ত্র প্রার্থীর ইসিতে আবেদন

যশোরের এসপির বদলি চেয়ে স্বতন্ত্র প্রার্থীর ইসিতে আবেদন

বর্তমান সংসদ সদস্য পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের জামাই হওয়ায় এলাকায় প্রভাব বিস্তারের আশঙ্কায় বর্তমান জেলা পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দারের বদলি চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হালিম।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন কমিশনে (ইসি) এই বদলির আবেদন করেন তিনি।

বদলি আবেদনের চিঠিতে বলা হয়, যশোর জেলার বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দার জেলায় প্রায় তিন বছর কর্মরত আছেন। তিনি নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হলেও তার শ্বশুর বাড়ি মনিরামপুর উপজেলায়। আত্মীয়তার কারণে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার মনিরামপুর উপজেলাসহ যশোরের বহু মানুষের সাথে সম্পর্কিত।

এ ছাড়া তিনি মনিরামপুরের বর্তমান সংসদ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের জামাই হিসেবে সুপরিচিত। যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করবে। বর্তমান সংসদ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সাথে বর্তমান পুলিশ সুপার (এস,পি) প্রলয় জোয়ার্দারের সঙ্গে গভীর সম্পর্ক থাকার কারণে যশোর-৫, মণিরামপুর আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

ইতিমধ্যে পুলিশ সুপার প্রলয় জোয়ার্দারের নির্দেশে মনিরামপুর থানার কর্মরত এস, আই ও এ,এস,আই গণ প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যর পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি যশোরে কর্মরত থাকলে যশোর-৫ আসনে সুষ্ঠু ও সরল ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ থাকবে না। ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। সাধারণত নিয়মিত পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পূর্ব পদে কর্মরত এখন না কিন্তু তিনি উদ্দেশ্যমূলকভাবে পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন যেকোনো মূল্যে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির মাধ্যমে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে সুষ্ঠ ভোটের জন্য মাঠে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হলে এই পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারকে বদলি করে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি যা যশোরের মণিরামপুরের প্রত্যেক মানুষের কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার যুগান্তকারী পদক্ষেপ।

অতএব, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাকে বদলি করে অন্য একজন পুলিশ সুপার পদায়নের ব্যবস্থা করলে যশোর-৫, মণিরামপুর আসনের সকল জনগণ কৃতজ্ঞ থাকবো এবং সুষ্ঠুভাবে উৎসবমুখর ভোট উৎসবের পরিবেশ তৈরির পদক্ষেপ গ্রহণে আপনার একান্ত মর্জি হয়।

Scroll to Top