ম্যানচেস্টার ডার্বি শেষ হওয়ার পরও থামছে না বিতর্ক। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-০ গোলের জয়ে আর্লিং হালান্ডের যে গোলটি ম্যাচের ভাগ্য গড়ে দেয়, সেটি নিয়ে বড় ভুল স্বীকার করেছে ইংল্যান্ডের রেফারিং সংস্থা প্রো রেফ। আর সেই ভুলের জেরে পরের প্রিমিয়ার লিগ রাউন্ডের ম্যাচ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ম্যাচটির ভিএআর কর্মকর্তা ম্যাট ডনহিউ ও সহকারী ভিএআর ব্লেক অ্যানট্রোবাসকে। আন্তর্জাতিক বিরতির আগে তাদের আর দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও নেই।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের দ্বিতীয়ার্ধে হালান্ড বল জালে পাঠালে মাঠের রেফারি মাইকেল অলিভার প্রথমে অফসাইডের সিদ্ধান্ত দেন। পরে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, হালান্ড নিজে অফসাইডে ছিলেন না। এরপর গোলের সিদ্ধান্ত বদলে দেয় ভিএআর।
তবে এখানেই ছিল বড় ভুল। গোলের আগে ম্যানচেস্টার সিটির এনজো ফার্নান্দেজ অফসাইড অবস্থানে থেকে বল খেলার চেষ্টা করেন। তার সেই অবস্থান ও নড়াচড়া ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ও গোলরক্ষককে প্রভাবিত করেছিল কি না—সেটি যথাযথভাবে বিবেচনা করেনি ভিএআর। প্রো রেফ পরে স্বীকার করেছে, এ কারণেই গোলটি বহাল রাখা ছিল ‘ভুল সিদ্ধান্ত’।
অর্থাৎ, হালান্ড অনসাইডে থাকলেও ফার্নান্দেজের হস্তক্ষেপের কারণে গোলটি বাতিল হওয়ার সুযোগ ছিল। এ ক্ষেত্রে সরাসরি গোল বৈধ ঘোষণা না করে মাঠের রেফারিকে অন-ফিল্ড রিভিউয়ের জন্য পাঠানো উচিত ছিল বলে ব্যাখ্যা করেছে প্রো রেফ।
ঘটনাটির পর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রো রেফ। সংস্থাটির প্রধান হাওয়ার্ড ওয়েবের নেতৃত্বে ঘটনার পর্যালোচনাও চলছে। এরই মধ্যে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ডনহিউ ও অ্যানট্রোবাসকে পরবর্তী প্রিমিয়ার লিগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে বিতর্কের মধ্যেও গুরুত্বপূর্ণ জয়টি পেয়েছে সিটির। ফিল ফোডেন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত হালান্ডের গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
