ম্যাচ পাতানোর দায়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় মার্কিন ক্রিকেটার আখিলেশ রেড্ডি – DesheBideshe

ম্যাচ পাতানোর দায়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় মার্কিন ক্রিকেটার আখিলেশ রেড্ডি – DesheBideshe


ম্যাচ পাতানোর দায়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় মার্কিন ক্রিকেটার আখিলেশ রেড্ডি – DesheBideshe

ওয়াশিংটন, ৩ আগস্ট – আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুর্নীতিবিরোধী বিধিমালা ভঙ্গের দায়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।

আইসিসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ২০২৫ সালের আবুধাবি টি-টেন টুর্নামেন্টকে কেন্দ্র করে আখিলেশ রেড্ডি দুর্নীতিবিরোধী বিধির তিনটি গুরুত্বপূর্ণ ধারা লঙ্ঘন করেছেন। আইসিসি তাকে এই অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

তার ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর শুরু হবে বলে জানানো হয়েছে। তদন্তে দেখা গেছে যে, আখিলেশ রেড্ডি ম্যাচের ফলাফল অথবা গতিপথ অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এছাড়া তিনি ম্যাচ পাতানোর ষড়যন্ত্রে সরাসরি অংশ নেন এবং অন্য একজন খেলোয়াড়কেও একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচিত করার দায়ে অভিযুক্ত হয়েছেন।

খেলোয়াড় আখিলেশ রেড্ডির বিরুদ্ধে তদন্ত কাজে অসহযোগিতা করার অভিযোগও প্রমাণিত হয়েছে। তিনি তদন্তের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং বার্তা নিজের মোবাইল ফোন থেকে মুছে ফেলেন যা আইসিসির আইন অনুযায়ী তদন্তে বাধা প্রদানের শামিল।

২৬ বছর বয়সী এই ক্রিকেটার যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আইসিসির এই নিষেধাজ্ঞার ফলে আগামী আট বছর তিনি কোনো ধরনের পেশাদার বা স্বীকৃত ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

এস এম/ ৩ আগস্ট ২০২৬



Scroll to Top