ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব চলছে এখন। গতকাল খেলা ছিল না কোনো দলের। যদিও একটি দুর্ঘটনায় কালও দিনভর তুমুল ব্যস্ততা দেখা যায় সাগরিকা স্টেডিয়ামে। গতকাল অনুশীলনের সময় মাথায় বল লেগে আহত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। বলের আঘাতে মাথা থেকে রক্তক্ষরণ হলে তৎক্ষণাৎ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয় বাংলাদেশ জাতীয় দলের এ ক্রিকেটারকে।
এ ঘটনায় আতঙ্ক নেমে আসে ক্রিকেটাঙ্গনে। যদিও হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর ভালো খবরই মিলেছে। সিটি স্ক্যানের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই। গতকাল থেকে তিনি হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন।
মুস্তাফিজের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগও খোঁজখবর নিয়েছে, সতর্ক থেকেছে। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’
বিপিএলে আজ সিলেটের মুখোমুখি হবে টেবিলের ২ নম্বর দল কুমিল্লা। এ ম্যাচ সামনে রেখে গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে অনুশীলন করছিলেন মুস্তাফিজ ও তার সতীর্থরা। তিনি অধিনায়ক লিটন কুমার দাসকে নেটে বল করছিলেন। বল করার পর পুনরায় রানআপ নিতে ফিরছিলেন। ওই সময় কুমিল্লার হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাক শুনে ঘুরে তাকাতে গেলে বল এসে মুস্তাফিজের মাথার পেছনের দিকটায় লাগে।
আঘাতটা বেশ জোরেশোরেই লাগে। মুস্তাফিজ তাই মাথায় হাত দিয়ে মাঠেই বসে পড়েন। তখন হেড কোচ সালাউদ্দিনসহ অন্যরা ছুটে আসেন এবং মাঠেই তাকে প্রাথমিক শুশ্রূষা দেয়া হয়। এর পরই তার মাথা থেকে রক্তক্ষরণ হয়। তখন কালবিলম্ব না করে তাকে নেয়া হয় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে। এ চোটে বিপিএলের বাকি অংশে মুস্তাফিজ খেলতে পারেন কিনা, সেই শঙ্কা জেগেছে। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ২৮ বছর বয়সী বামহাতি পেসার মুস্তাফিজ ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১১ উইকেট। তার সেরা বোলিং ফিগার ৩২ রানে ৩ উইকেট। আর ২ উইকেট পেয়েছেন দুবার। সব মিলিয়ে এবারের বিপিএলে নামের প্রতি সুবিচার করতে পারেননি বামহাতি এ বোলিং তারকা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১০৯টি ওয়ানডে ম্যাচে ১৬২ উইকেট, ৮৮টি টি২০ ম্যাচে ১০৫ উইকেট ও ১৫ টেস্টে ৩১ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। ক্যারিয়ারের শুরুর দিকে ‘কাটার মাস্টার’ হিসেবে দেশে-বিদেশে সাড়া জাগানো এ বামহাতি বোলার আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসে। ২০২৪ সালের আসরে খেলবেন চেন্নাই সুপার কিংসে। নিলামে তাকে ২ কোটি রুপিতে দলভুক্ত করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিটি।
সূত্র: বণিক বার্তা
আইএ/ ১৯ ফেব্রুয়ারি ২০২৪




