মোস্তাফিজের বোলিং দক্ষতায় মুগ্ধ লাহোর সতীর্থ হারিস রউফ – DesheBideshe

মোস্তাফিজের বোলিং দক্ষতায় মুগ্ধ লাহোর সতীর্থ হারিস রউফ – DesheBideshe

করাচি, ২৭ মার্চ – পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ শুরু করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট শিকার করেন তিনি। এই ম্যাচে লাহোর কালান্দার্স ৬৯ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের বোলিং ইউনিটের ভূয়সী প্রশংসা করেন পেসার হারিস রউফ। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি।

হারিস রউফ জানান তাদের দলে টি টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলাররা রয়েছেন। পেস ও স্পিন উভয় বিভাগেই দল অত্যন্ত শক্তিশালী। আন্তর্জাতিক ক্রিকেটেও এমন বোলিং লাইনআপ খুব একটা দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি। কন্ডিশন বিবেচনা করে দলের সেরা বোলিং কম্বিনেশন মাঠে নামানোর কথা জানান এই পেসার। মোস্তাফিজ প্রসঙ্গে হারিস বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার পাশাপাশি জাতীয় দলের হয়েও তার পারফরম্যান্স দুর্দান্ত।

মোস্তাফিজের উপস্থিতি লাহোরের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছে বলে মনে করেন তিনি। এই অভিজ্ঞ বোলারের কাছ থেকে বোলিংয়ের বিভিন্ন কৌশল শিখে মাঠে তা প্রয়োগ করার আগ্রহ প্রকাশ করেন হারিস। আগামী ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স।

এস এম/ ২৭ মার্চ ২০২৬



Scroll to Top