মোদি সরকারের ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ বন্ধের দাবিতে বিরোধীদের ধরনা

মোদি সরকারের ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ বন্ধের দাবিতে বিরোধীদের ধরনা

আজ সকালেই যন্তর মন্তরে উপস্থিত হন ইন্ডিয়া জোটের নেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, শশী থারুর, দিগ্বিজয় সিংয়ের সঙ্গে ধরনামঞ্চ ভাগাভাগি করে নেন এনসিপি নেতা শারদ পাওয়ার, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজাসহ তৃণমূল কংগ্রেস, শিবসেনা, আরজেডি, জেডিইউসহ সব শরিক দলের নেতারা। প্রত্যেকেই সরকারের ‘স্বৈরতান্ত্রিক’ মনোভাবের সমালোচনা করে বলেন, শাসক দল গণতন্ত্রের খোলস পরে দেশকে একদর্শী করে তুলছে। নেতারা বলেন, আজ ওরা ১৪৬ জন সংসদ সদস্যকে বহিষ্কার করছে, আরও একবার ক্ষমতায় এলে সংসদকেই তুলে দেবে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপির পাশাপাশি সংসদের স্পিকারদেরও সমালোচনা করেন। তিনি বলেন, সংসদের স্পিকারকে নিরপেক্ষ হতে হয়। সাংবিধানিক পদে যিনি আসীন, তাঁকে সেই পদের মর্যাদা রক্ষা করতে শিখতে হয়। অথচ রাজ্যসভার চেয়ারম্যান জাতপাতের আশ্রয় নিলেন। খাড়গে বলেন, তিনি বলতে উঠলেই সরকারপক্ষের সদস্যরা তাঁকে বাধা দেন। তাই বলে তিনি কখনো বলেননি, দলিত বলে তাঁকে বলতে দেওয়া হচ্ছে না।

Scroll to Top