মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মালদ্বীপের ৩ উপমন্ত্রী বরখাস্ত | চ্যানেল আই অনলাইন

মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মালদ্বীপের ৩ উপমন্ত্রী বরখাস্ত | চ্যানেল আই অনলাইন

সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় তিনজন উপমন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার।

আলজাজিরা জানিয়েছে, বরখাস্ত হওয়া মন্ত্রীরা হলেন, মালশা শরীফ, মরিয়ম শিউনা এবং আবদুল্লাহ মাহজুম মজিদ। আরব সাগরে ভারত শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে পর্যটন প্রচারের একটি ভিডিওর প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তারা তিনজন মোদিকে ক্লাউন, সন্ত্রাসী এবং ইসরায়েলের পুতুল বলে বর্ণনা করেছিলেন।

Bkash

মালদ্বীপে ভারতীয় হাইকমিশন মালদ্বীপ সরকারের কাছে বিষয়টি উত্থাপন করলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে দেশটির সরকার। মালদ্বীপ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য সম্পর্কে অবগত। এই মতামতগুলো সম্পূর্ণ ব্যক্তিগত এবং এগুলো মালদ্বীপ সরকারের মতামতের প্রতিনিধিত্ব করে না। সরকারি পদে থেকে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন তাদের বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনায় মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ভারতের বিরুদ্ধে ‘ঘৃণামূলক’ ভাষা ব্যবহারের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ভারত সবসময় মালদ্বীপের ভাল বন্ধু এবং আমাদের দু’দেশের মধ্যে পুরনো বন্ধুত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করার জন্য এই ধরনের মন্তব্যের অনুমতি দেওয়া উচিত নয়।

Reneta JuneReneta June

দেশটির একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফর করেন। এরপর তিনি সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন সেখানে তাকে স্নোরকেলিং করতে দেখা যায়। পোস্টে ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আবেদন করেছিলেন তিনি। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন।

Scroll to Top