মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি

মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি

মেহেরপুরে আজও কমেছে তাপমাত্রার পারদ। মঙ্গলবারের (১৬ জানুয়ারি) চেয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও তা কমেছে। মৃদু শৈতপ্রবাহ বয়ে যাওয়ায় শ্রমজীবী মানুষ সীমাহীন কষ্টের মধ্যে সময় পার করছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল নয়টায় এ অঞ্চলে সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

সকাল থেকে রাস্তাঘাট শূন্য অবস্থায় বিরাজ করছে। কাজের প্রয়োজনে ঘর থেকে বের হলেও তীব্র শীত আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে যাচ্ছে স্বাভাবিক চলাফেরা। কাজ করতে না পারায় শ্রমজীবী মানুষের আয় কমে যাচ্ছে। চায়ের দোকান আর বাড়িতে বসে সময় পার করছেন অনেকে।


পূর্বমালসাদহ গ্রামের রাজমিস্ত্রি আক্তার হোসেন বলেন, গত দশ দিন ধরে কাজ করতে গিয়ে নানা সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। সকালে মিস্ত্রি আসে তো জোগালি আসেন না। আবার মালামাল বহনের জন্য সময়মত ভ্যান পাওয়া যায় না। তীব্র শীতের কারণেই এসব হচ্ছে। এজন্য আমাদের আয় রোজগারে ভাটা পড়েছে।

মেহেরপুর শহরের রিকশা চালক ইকলাস হোসেন বলেন, আমি সব সময় ভোর থেকে রিকশা চালায় আর বিকেলে অন্য কাজ করি। শীত আর কুয়াশার কারণে এখন রাস্তায় যাত্রী তেমন একটা পাচ্ছি না। দীর্ঘ সময় বসে থেকেই মিলছে না যাত্রী।

Scroll to Top