মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক নারী কর্মীসহ চারজন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
আহত চারজন হলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান (৪৩), সাবেক ছাত্রলীগ নেতা খালিদুজ্জামান খান ডালিম (৪৬), যুবলীগ কর্মী তেলা শেখ (৪৬) ও নারী কর্মী মুক্তা খাতুন (৩৭)। তাঁরা সবাই স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নানের কর্মী-সমর্থক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগোয়ান গ্রামের পাঠানপাড়ার আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একটি নির্বাচনী প্রচার ক্যাম্প আছে। এর দক্ষিণ পাশে মসজিদের কাছে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যাপক আব্দুল মান্নানের পথসভা চলছিল। পথসভায় আব্দুল মান্নানের বক্তব্যের সময় জোরে মাইক বাজাতে শুরু করে নৌকার কর্মী-সমর্থকেরা। এ সময় শহিদুল ইসলাম ও খালিদুজ্জামানসহ বেশ কয়েকজন কর্মী নৌকা প্রতীকের প্রচার মাইকের শব্দ কমাতে বলেন। এতে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী কর্মীদের ওপর হামলা চালান। হামলায় ওই চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।




