জয়টা প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল ইন্টার মায়ামির। লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিকে সমতায় ফেরার পর লুইস সুয়ারেজের গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষ মুহূর্তের ভুলে জয় হাতছাড়া হয়েছে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নদের। সান দিয়েগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে ওঠার দৌড়ে আরও পিছিয়ে পড়েছে মায়ামি।
ফ্লোরিডার নু স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য ছিল হতাশার। ১২ মিনিটেই এগিয়ে যায় সান দিয়েগো। জেপ্পে টভারস্কভের নিখুঁত থ্রু পাস পেয়ে ডেনিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ার মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল চিপ করে জালে পাঠান।
গোল হজমের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেয় মায়ামি। বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানোর পুরস্কারও দ্রুত পেয়ে যায় স্বাগতিকরা। ২৪ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিকে অসাধারণ এক গোল করে দলকে সমতায় ফেরান মেসি।
মেসির বাঁকানো শটটি খেলোয়াড়দের ভিড় এড়িয়ে পোস্টের ভেতরের অংশে লেগে জালে জড়ায়। এই গোলের মধ্য দিয়ে মায়ামির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০১ গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা।
সমতা ফেরানোর পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। মেসি, সুয়ারেজ ও রদ্রিগো দে পল একাধিকবার সান দিয়েগোর রক্ষণে ফাটল ধরালেও গোলের দেখা পাচ্ছিলেন না তারা। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়ে ছিল মায়ামি। অবশেষে ৭৪ মিনিটে সেই চাপের ফল আসে। বক্সের বাইরে থেকে দে পলের বাড়ানো দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে সান দিয়েগোর জালে বল পাঠান ৩৯ বছর বয়সী সুয়ারেজ। ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
এরপর শেষ বাঁশির অপেক্ষায় ছিল স্বাগতিকরা। কিন্তু ম্যাচের শেষ দিকে আবারও দৃশ্যপট বদলে যায়। টভারস্কভের আরেকটি নিখুঁত লম্বা পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোল করেন ড্রেয়ার। ২-২ গোলে সমতায় ফেরে সান দিয়েগো।
যোগ করা সময়ে ম্যাচ জেতার সুযোগও পেয়েছিল সফরকারীরা। পাল্টা আক্রমণ থেকে কিয়ারান সার্জেন্টের শট মায়ামির জালে ঢোকার আগেই দুর্দান্তভাবে তা ঠেকিয়ে দেন সেন্ট ক্লেয়ার। ফলে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে।
এই ড্রয়ের পর ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি। মৌসুমে তাদের হাতে এখনো আটটি ম্যাচ রয়েছে। ফলে শীর্ষস্থান দখলের আশা টিকিয়ে রাখতে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোই এখন মেসিদের প্রধান লক্ষ্য।
