আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তিনি গড়েছেন অনেক রেকর্ড। গোলের দিক দিয়ে ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকেও। সেই রোনালদোই এবার বলছেন, মেসি সর্বকালের সেরা, এটা সবার মেনে নেওয়া উচিত।
ক্যানসাস সিটি স্টেডিয়ামে নেমে প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপ খেলার কীর্তি গড়া দিয়ে শুরু মেসির। এরপর, বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিকের আনন্দে মাতেন। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসান। টপকে যান রোনালদোর ১৫ গোলকে।
২০০২ বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার রোনালদো তাই মেসির সর্বকালের শ্রেষ্ঠত্ব নিয়ে ওঠা বিতর্কের ইতি টানলেন, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য এবং যে মানুষ এটি ভাঙল, তা বিশ্বের কোনো ফুটবল সমর্থককেই বিস্মিত করেনি। আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন, এবারের আসরেও ফেভারিট। যখনই মেসি মাঠে নামে, তখনই সবকিছু ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন হয়ে ওঠে। বিশ্বের এখন সব লুকোছাপা বন্ধ করে মেনে নেওয়া উচিত, সে-ই সর্বকালের সেরা।’
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির নিজেকে মেলে ধরা রাতটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, মনে করেন এই ব্রাজিলিয়ান গ্রেট, ‘সে প্রতিটি মৌসুমে ধারাবাহিকভাবে পারফর্ম করছে এবং বিশ্বকাপেও। তারপরও তাকে (তার শ্রেষ্টত্ব) নিয়ে সংশয় রয়ে যাবে। কিন্তু, সে যে রাতটি কাটাল, এটা ইতিহাসের পাতায় অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত হিসেবে রয়ে যাবে।’
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার চূড়ায় ওঠার আগে দ্বিতীয় গোলটি করে মেসি পেছনে ফেলে দেন রোনালদোকে (১৫টি)। ম্যাচ শেষে এ নিয়ে মেসিকেও প্রশ্ন করা হয়। রোনালদোকে নিজের দেখা ‘গ্রেট ফুটবলার’-এর মালা পরিয়ে দেন তিনিও, ‘রোনালদো, আমি যাদের খেলা দেখেছি, সেই গ্রেটদের মধ্যে তিনি একজন। (সর্বোচ্চ গোলদাতার তালিকায়) তিনি শীর্ষে নন, তাই এটা স্রেফ পরিসংখ্যানই।’





