লন্ডন, ২৯ মার্চ – ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস মুখে গুরুতর আঘাত পাওয়ায় আসন্ন কাউন্টি মৌসুমের প্রথম এক মাস মাঠের বাইরে থাকবেন।
গত মাসে ডারহামের একটি অনুশীলন সেশনে নেটে ব্যাটিং করার সময় বলের আঘাতে তার গালের হাড় ভেঙে যায়। এই ঘটনার পর তার মুখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে তার মুখের মারাত্মক ফোলা ও আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে।
চিকিৎসকদের মতে, এই গুরুতর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হবে। ফলে তার মাঠে ফেরার নির্ধারিত সময় বেশ কিছুটা পিছিয়ে গেছে।
এই তারকা অলরাউন্ডার সর্বশেষ মাঠে নেমেছিলেন অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট ম্যাচে। শুরুতে তার পরিকল্পনা ছিল আগামী সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার। কিন্তু বর্তমান শারীরিক অবস্থার কারণে তিনি মৌসুমের প্রথম চারটি ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না বলে নিশ্চিত করা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে এবং পুনর্বাসন প্রক্রিয়া সফল হলে তিনি আগামী মে মাসে উরচেস্টারশায়ার ও কেন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন। এই ম্যাচগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য তার প্রস্তুতি হিসেবে কাজ করবে।
এ এম/ ২৯ মার্চ ২০২৬





