আউট হওয়ার সময় থেকেই রাগে ফুঁসছিলেন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও এল সেই রানআউট প্রসঙ্গ। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা অবশ্য মেহেদি মিরাজের ওপর ‘রাগ’ রাখলেন না। তবে সালমান জানালেন, নিজে মিরাজের জায়গায় থাকলে এভাবে কাউকে রানআউট করতেন না।
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে একটু অস্বাভাবিকভাবে রান আউটের শিকার হয়েছেন সালমান, রান আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার পর রাগান্বিত হয়েই মাঠ ছাড়েন আঘা। পুরো ম্যাচজুড়েই আলোচনায় ছিল এই আউট।
সালমান সংবাদ সম্মেলনে বললেন, তিনি মিরাজের জায়গায় থাকলে এভাবে রান আউট করতেন না। তার প্রতিক্রিয়া অবশ্য তাৎক্ষণিক উত্তেজনায় হয়ে গেছে বলে দাবি করলেন, ‘আমি আপনাদের বলতে পারি ঘটনার পরে কী হয়েছে। সবাই দেখেছে কী হয়েছে। অনেকটা মুহূর্তের উত্তেজনায় ঘটে যাওয়ার মতো ব্যাপার। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ওখানে থাকলে কী করতাম, আমি ভিন্নভাবে করতাম। তবে এরপর যা হয়েছে, সবটুকুই ‘হিট অব দা মোমেন্টে’ হয়ে গেছে।’
আইন অনুযায়ী আউটে যে সমস্যা নেই, তা বলছেন সালমানও। তবে তার কাছে খেলাধুলার চেতনাই সবকিছুর ওপরে, ‘অবশ্যই এটা আইনে আছে এবং আমি এমন একজন, সবসময়ই আইন অনুসরণ করতে চাই। তবে কখনও কখনও স্পোর্টসম্যান স্পিরিটের ব্যাপার যখন আসে… স্পোর্টসম্যান স্পিরিট সেখানে থাকতে হবে, যা কিছুই হোক না কেন। হ্যাঁ, এটা আইনে আছে। সে যদি এটাকে ঠিক মনে করে তো তার কাছে এটা ঠিক। তবে আমার দৃষ্টিভঙ্গি যদি জানতে চান, আমি অবশ্যই অন্য কিছুই করতাম। স্পোর্টসম্যান স্পিরিটই বেছে নিতাম।’
পাকিস্তান অধিনায়ক আঘা জোর দিয়েই দাবি করলেন, তারা কখনও এই ধরনের আউটের জন্ম দেবেন না, ‘নাহ, কখনোই না। আগেও কখনও আমরা করিনি, ভবিষ্যতেও করব না।’




