মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন মুখপাত্র হিসেবে টমাস টমি পিগটের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, নবনিযুক্ত মুখপাত্র হিসেবে পিগট এখন থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক পররাষ্ট্রনীতি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দেশি-বিদেশি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরবেন। সেই সঙ্গে তিনি স্টেট ডিপার্টমেন্টের প্রেস কোর এবং অন্যান্য গণমাধ্যমের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা এবং কৌশলগত বার্তা আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এর আগে গত জানুয়ারি মাসে ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই পিগট স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রায় এক দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই যোগাযোগ বিশেষজ্ঞ এর আগে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে কাজ করেছেন।
নিউ জার্সির বাসিন্দা টমি পিগট শিক্ষা জীবনে জর্জটাউন ইউনিভার্সিটির স্কুল অব ফরেন সার্ভিস থেকে স্নাতক এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এই নিয়োগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির বার্তা প্রচারে রাজনৈতিক অভিজ্ঞতাকে আরও গুরুত্ব দেওয়ার ইঙ্গিত বহন করে।







