
ওয়াশিংটন, ২ জুলাই – যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকদের জন্য এখন দ্বিগুণ আনন্দের সময়। একদিকে জাতীয় দলের ঐতিহাসিক জয়, অন্যদিকে মিলছে লাখো ডলারের ফ্রি পিজা খাওয়ার সুযোগ। তবে এই ফ্রি পিজার পেছনে রয়েছে দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের দেখা একটি লাল কার্ড।
বালোগান লাল কার্ড পাওয়ায় মার্কিন পিজা জায়ান্ট ডমিনোজ ১ মিলিয়ন ডলার মূল্যের প্রায় ৬০ হাজার মিডিয়াম পিজা বিনামূল্যে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ডমিনোজ তাদের পূর্বঘোষিত বিশ্বকাপ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই পিজা বিলি করবে।
মে মাসে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল যে,
টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে সমর্থকদের মন ভালো করতে তারা ফ্রি পিজা দেবে। গ্রুপ পর্বের ম্যাচে এমন কোনো ঘটনা না ঘটলেও নকআউট পর্বের রাউন্ড অব ৩২ এর ম্যাচে এসে সেই সুযোগ তৈরি হলো।
সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ২৪ বছর পর জয় পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই ম্যাচে দলের প্রথম গোলটি করেন বালোগান নিজেই। তবে দুর্দান্ত খেলার মাঝেই ম্যাচের ৬১ মিনিটে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
১০ জনের দলে পরিণত হলেও যুক্তরাষ্ট্র ম্যাচে আধিপত্য বজায় রেখে জয় নিশ্চিত করে। ডমিনোজের এই বিশেষ অফারটি অবশ্য সবার জন্য নয়।
বিশ্বকাপ শুরুর আগে ১০ জুন পর্যন্ত যারা ডমিনোজের ওয়েবসাইটের রিওয়ার্ডস প্রোগ্রামে নিবন্ধন করেছেন, কেবল তারাই এই ফ্রি পিজার দাবিদার হতে পারবেন। এই সুযোগ আগামী ২ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
এস এম/ ২ জুলাই ২০২৬






