
প্যারিস, ২৮ ডিসেম্বর – ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট ও আধুনিক ইইউর স্থপতি জ্যাক ডেলরস মারা গেছেন। ইউরোপে একক মুদ্রা চালু করার মুল পরিকল্পনাকারী এ ব্যক্তিত্ব ৯৮ বছর বয়সে পৃথিবী ছাড়লেন।
বুধবার (২৭ ডিসেম্বর) ডেলরের কন্যা মার্টিন অরবির বরাত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডেলরের কন্যা বলেন, প্যারিসে নিজ বাড়িতে বুধবার সকালে ঘুমে থাকাকালে তিনি মারা যান।
জানা গেছে, ১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিন মেয়াদে ডেলর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। এ সময় তিনি ব্লকটির মধ্যে মানুষজন, পণ্য ও পরিষেবার অবাধ যাতায়াতের অনুমতি দিয়ে একক বাজার তৈরি করতে সহায়তা করেছিলেন। সেই সঙ্গে ইউরোপে একক মুদ্রা ইউরো চালুরও ভিত্তি স্থাপন করেছিলেন তিনি। তাকে আধুনিক ইউরোপীয় ইউনিয়নের স্থপতি বলা হয়ে থাকে।
প্রতিবেদনে জানা গেছে, জ্যাক ডেলরস ১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ডেলরসের প্রশংসা করে তার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, তার প্রতিশ্রুতি, তার আদর্শ এবং তার ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করব। আমি তার কাজ ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩





