মর্যাদাপূর্ণ সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’ – DesheBideshe

মর্যাদাপূর্ণ সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’ – DesheBideshe


মর্যাদাপূর্ণ সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’ – DesheBideshe

ঢাকা, ১ জুন – মর্যাদাপূর্ণ চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট বা সাঁকোটা দুলছে। ছবির প্রযোজক মনোজ প্রামাণিক সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত সাদা কালো এই চলচ্চিত্রে কুসংস্কার ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে এক অন্ধ নারীর আত্মমুক্তির লড়াই এবং তিন নারীর সংগ্রামের গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

নির্মাতার মতে, ছবিটি নারীর স্বাধীনতা, বিশ্বাস ও সামাজিক নিয়ন্ত্রণের প্রশ্নকে এক কাব্যিক চলচ্চিত্র ভাষায় তুলে ধরেছে।

উৎসবে ছবিটির প্রিমিয়ারে অংশ নিতে জুনের দ্বিতীয় সপ্তাহে সাংহাই যাচ্ছেন পরিচালক ইশতিয়াক আহমেদ, প্রযোজক মনোজ প্রামাণিক এবং প্রধান চরিত্রের অভিনেত্রী সানজিদা আক্তার। আগামী ১৫ জুনের প্রদর্শনীতে তারা উপস্থিত থাকবেন।

চলচ্চিত্রটি এই উৎসবে নির্বাচিত হওয়াকে স্বাধীন চলচ্চিত্রচর্চার জয় এবং পুরো টিমের দীর্ঘ পরিশ্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক।

২০২২ সালে শুরু হওয়া প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির নির্মাণযাত্রা ছিল বেশ চ্যালেঞ্জিং। ২০২৩ সালে শুটিংয়ের কিছু ফুটেজ হারিয়ে যাওয়ার পর পুনরায় শুটিং করে ২০২৫ সালে এর কাজ শেষ করা হয়।

ছবিটিতে সানজিদা আক্তার, তাহমিদা রহমান, সুমাইয়া হকসহ একঝাঁক তরুণ শিল্পী অভিনয় করেছেন।

সাংহাই উৎসবের পর বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।

এনএন/ ১ জুন ২০২৬



Scroll to Top