মরক্কোর ক্লাব রেনেসাঁ বারকানের কোচ হচ্ছেন কেপ ভার্দের বুবিস্তা – DesheBideshe

মরক্কোর ক্লাব রেনেসাঁ বারকানের কোচ হচ্ছেন কেপ ভার্দের বুবিস্তা – DesheBideshe


মরক্কোর ক্লাব রেনেসাঁ বারকানের কোচ হচ্ছেন কেপ ভার্দের বুবিস্তা – DesheBideshe

প্রায়া, ২৬ জুলাই – ২০২৬ সালের বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে অভাবনীয় সাফল্য দেখানোর পর এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন দলটির প্রধান কোচ পেদ্রো লাইতাও বুবিস্তা। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে নকআউট পর্বে পৌঁছানো এই কোচ এবার মরক্কোর শীর্ষ ক্লাব রেনেসাঁ বারকানের হাল ধরতে যাচ্ছেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, বুবিস্তার সঙ্গে মরক্কোর ক্লাবটির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর আগে তিউনিসিয়ার কোচ মুইন শাবানি নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নিতে রেনেসাঁ বারকান ছেড়েছিলেন। সেই শূন্যস্থান পূরণেই ক্লাবটি অভিজ্ঞ বুবিস্তাকে বেছে নিয়েছে।

মরক্কোর প্রো লিগে রানার্স আপ হওয়া রেনেসাঁ বারকান আগামী মৌসুমে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে। দলকে শক্তিশালী অবস্থানে নিতেই বুবিস্তার ওপর আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। রেডিও মার্স জানিয়েছে, চুক্তির বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রায় শেষ।

প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তির ঘোষণা আসতে পারে। ২০২৬ বিশ্বকাপে বুবিস্তার অধীনে কেপ ভার্দে দুর্দান্ত লড়াই করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল। আর্জেন্টিনার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে বিদায় নিলেও বিশ্বজুড়ে প্রশংসিত হয় দলটি। এদিকে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাও চিলির ক্লাব কোলো কোলোতে যোগ দিতে পারেন বলে খবর পাওয়া গেছে।

এস এম/ ২৬ জুলাই ২০২৬



Scroll to Top