ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর ঠিক আগেই মন্ত্রিপরিষদ সচিব পদে ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল ঘোষণা করে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে ২০২৪ সালের ৮ অক্টোবর ড. শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে যে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আদেশটি শনিবার থেকেই কার্যকর হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তর ও বিভাগকে অবহিত করতে অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য বিগত জুলাই ও আগস্ট মাসের গণঅভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদকে প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬






