মধ্যপ্রাচ্য সংকটে সমুদ্রপথে জাহাজের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ – DesheBideshe

মধ্যপ্রাচ্য সংকটে সমুদ্রপথে জাহাজের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ – DesheBideshe

ঢাকা, ১৯ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জেরে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক নৌবাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে। লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এই দৃঢ় অবস্থান তুলে ধরে।

বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনার লক্ষ্যে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এই জরুরি সভার আয়োজন করে। অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম।

আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সব সমুদ্রকর্মীর নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি বাংলাদেশ তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

অধিবেশনে প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলমান এই সংকট সমাধানের আহ্বান জানায়। নিরাপদ নৌবাণিজ্য নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপরও জোর দেয় বাংলাদেশ।

এনএন/ ১৯ মার্চ ২০২৬



Scroll to Top