পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ জন্য দেশজুড়ে মুঠোফোন সেবা সাময়িক স্থগিত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের আগে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই বেড়ে গেছে। এতে মানুষের প্রাণ যাচ্ছে। অবনতি ঘটছে দেশের নিরাপত্তা পরিবেশের। এ পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকির বিপরীতে ‘সুরক্ষাকবচ’ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল।
নির্বাচনের দিনে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ থাকা বা গতি কম থাকার খবর জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস।



